দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না কোচ লিওনেল স্কালোনি। আগামী ৭ অক্টোবর বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি অন্য কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তবে মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার অন্য কোনো ফুটবলারই যে ঐতিহ্যবাহী এই জার্সি পরবেন, সেটিও নিশ্চিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে দলটি। বলিভিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, এসব ম্যাচ মূলত দলকে পরখ করার সুযোগ। তবে মেসি না থাকলেও আর্জেন্টিনার খেলার মূল দর্শন, অর্থাৎ বলের দখল ধরে রাখা, অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। এর আগে নিয়মিত একাদশে এই দুই স্ট্রাইকারকে একসঙ্গে খেলানো থেকে বিরত ছিলেন তিনি। যদিও বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ নিশ্চিত করেননি আর্জেন্টাইন কোচ। তবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলা দলের অধিকাংশ ফুটবলারই এই ম্যাচে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে হেরেছিল।
মেসির ১০ নম্বর জার্সি আপাতত ফাঁকা রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে স্কালোনি বলেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি অন্য কাউকে দেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি। পরে অবশ্য এই ঐতিহ্যবাহী জার্সি অন্য একজনকে পরতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময়ও ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। জাতীয় দলের দীর্ঘ ক্যারিয়ারে এই জার্সিতেই খেলেছেন তিনি।
মেসির বিদায়ের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। আগামী ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। সব পরিকল্পনা ঠিক থাকলে স্পেন, মরক্কো ও পর্তুগালে অনুষ্ঠিতব্য ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।
মেসি-পরবর্তী আর্জেন্টিনা দল নিয়েও আশাবাদী স্কালোনি। তার মতে, নতুন প্রতিভাদের আগমন এবং খেলোয়াড়দের জয়ের ক্ষুধা প্রমাণ করে, মেসির বিদায়ের পরও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাবে আর্জেন্টিনা।
এমএম/